মাদকসেবী ও মাদক কারবারিদের ছাত্রদলে জায়গা নেই: ব্যারিস্টার খোকন

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৬:২৫ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (জুমাবার) সন্ধ্যায় সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন সম্মুখে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের পরিচালনায় এবং উপজেলা আহ্বায়ক নুর মোহাম্মদ রনির সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সংসদ সদস্য ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, “ছাত্রদল যতদিন জনগণের সঙ্গে থাকবে, তারেক রহমান সাথে থাকবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন জনগণের পাশে থাকবে, ততদিন ফ্যাসিস্ট কিংবা গুপ্ত—কেউ তাদের ক্ষতি করতে পারবে না।”

ব্যারিস্টার খোকন আরও বলেন, “যারা মাদক সেবন করে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য ছাত্রদল করা হারাম। ছাত্রদল হবে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমের সংগঠন। মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি নবনির্বাচিত জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমাজের অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার থাকারও আহ্বান জানান।

তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ছাত্রদলের সাংগঠনিক কমিটি আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুবউদ্দিন, রেজাই রাব্বি মাহবুব, ডা. জালাল আহমদ, যুবদলের জসিম উদ্দিন, ওমর শরীফ সোহাগ, সাহাব উদ্দিন, শহীদ উদ্দীন লিটন, ফখরুল ইসলাম কৃষক, মিলনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা নবনির্বাচিত জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।