রাজবাড়ীতে অবৈধ মাছ শিকারে অভিযান, জাল জব্দ ও জেলে আটক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৬:৩৪ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি অবৈধ চায়না দোয়ারী জব্দ করেছে উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌপুলিশ।

এ সময় মো. ওসমান সরদার (৫০) নামে এক জেলেকে আটক করা হয়। আটক ওসমান সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রিসপাড়া গ্রামের মৃত কলিমউদ্দিন সরদারের ছেলে।

শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। অভিযানে সহযোগিতা করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

অভিযান শেষে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে জব্দকৃত কারেন্ট জাল ও চায়না দোয়ারী পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাছের প্রজনন ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।