হাজীগঞ্জে হাসপাতালের বিরুদ্ধে প্রসূতি মৃত্যুর অভিযোগ, তদন্ত দাবি
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারের শাহ মিরাণ হাসপাতালে শুক্রবার (১৯ জুন) বিকেলে চিকিৎসকের ভুল চিকিৎসায় তোবা নামের এক প্রসূতির মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন সকাল ১১টায় তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়।
তোবার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রথমে তার মেয়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হয়, এরপর তাকে স্যালাইন দেওয়া হয়। বিকেল ৫টায় তোবাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ওটি থেকে ডাক্তার বের হয়ে যাওয়ার পর তোবার মা মেয়ের কাছে যান। এ সময় তিনি সদ্য ভূমিষ্ঠ নাতিকে দেখে খুশি হন। কিন্তু তোবার গায়ে হাত দিয়ে দেখেন তার শরীর ঠান্ডা এবং কোনো নড়াচড়া নেই।
তখন ডাক্তারকে জানালে তিনি বলেন, শরীরে গরম কাপড় দিতে। এরপরই তোবার মায়ের সন্দেহ হয় যে তার মেয়ে বেঁচে নেই।
সরেজমিনে জানা যায়, তোবার স্বামী ওমান প্রবাসী পারভেজ। তার মা পাখি আক্তার এবং পিতা লিটন মিজি। তোবার শ্বশুরবাড়ি ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নোয়াপাড়া বেপারী বাড়ি এবং পিতার বাড়ি একই গ্রামের মিজি বাড়ি।
এ ঘটনায় তোবার পরিবার প্রশাসনের সুদৃষ্টি কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা হাসপাতালে চেয়ার ও গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান হাসপাতাল পরিদর্শন করেন এবং ঘটনার বিবরণ শোনেন ও পরিবারবর্গকে সান্ত্বনা দেন।
পুলিশ বিক্ষুব্ধ জনতাকে হাসপাতাল থেকে সরিয়ে দেয়। পরে তারা হাসপাতালের সামনে সড়কে অবস্থান নিয়ে ন্যায়বিচারের দাবি জানান।
এ সময় হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহলের লোকজন উপস্থিত ছিলেন।
