নোয়াখালীতে সম্পাদককে অপহরণ-হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৮:২৯ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক জনতার জমিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণকে অপহরণ করে হত্যার চেষ্টা এবং অব্যাহত প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। একইসাথে হুমকিদাতাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্পাদক ও তার পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালমন্দ করার ঘটনারও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ‘দৈনিক জনতার জমিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণ।
তিনি অভিযোগ করে বলেন, ঢাকা ও সোনাইমুড়ীর একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। তাদের মধ্যে একজন প্রায় দুই বছর আগে ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে তার কাছ থেকে টাকা ধার নেন। ওই টাকা চাইতে গেলে ওই ব্যক্তি সংঘবদ্ধ চক্রটির সঙ্গে একত্রিত হয়ে ২০২৫ সালের প্রথম দিকে ঢাকায় তাকে অপহরণ করে দুইদিন আটকে রাখে।
পরবর্তীতে তার গাড়িচালকের সঙ্গে আঁতাত করে তার অজান্তে গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে ঢাকা, সোনাইমুড়ীসহ একাধিক স্থানে তার ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক সময়ে তারা তাকে, তার মা এবং পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালমন্দ করছে বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করে বলেন, এসব বিষয়ে গত ডিসেম্বর সোনাইমুড়ী থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি জিডি করেন। কিন্তু দীর্ঘ ৬ মাস পার হলেও এখনো কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি। ফলে ওই চক্রটি যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
