রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেফতার

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ এবং ইলেকট্রনিক ডিভাইস সরবরাহের অভিযোগে একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শুক্রবার (১৯ জুন) রাতে রংপুর শহরের ধাপ আরজি ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, একটি চক্র নগরীতে বিভিন্ন ডিভাইস ও প্রশ্ন সরবরাহের মাধ্যমে জালিয়াতির কাজ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ এলাকায় একটি বাসায় ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।

বাসাটি তল্লাশি করে ১৫টি স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত ফাঁকা চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল সার্টিফিকেট এবং ৫টি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় তারা এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

৬ জনের মধ্যে একজন প্রাইমারি স্কুলের সাবেক শিক্ষক। তিনি আগেও প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছিলেন। আরেকজন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেও কোথাও চাকরি না পেয়ে এ কাজে জড়িত হন। তাদের মোবাইল ফোন যাচাই-বাছাই করে আরও অনেকের তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।

গ্রেফতারকৃতরা হলেন—রংপুর নগরীর চিড়ার মিল এলাকার ফেরদৌস আলমের পুত্র তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার মোবারক আলীর পুত্র বাধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুর এলাকার মৃত মজিবর রহমানের পুত্র সাহেব আলী (২৬), বদরগঞ্জের তাল দামোদরপুর এলাকার এমদাদুল হকের পুত্র আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুর তেলিপাড়া এলাকার রিয়াজুল ইসলামের পুত্র হাফিজ আল মামুন এবং আশরাফুল ইসলাম (৩৬)।