কৃষকদের সহায়তায় সরকার নানা উদ্যোগ নিয়েছে: মন্ত্রী জাহিদ
প্রকাশ : ২০ জুন ২০২৬, ২০:১২ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

শনিবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২/২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।
উদ্বোধনকালে তিনি বক্তব্যে বলেন, কৃষিখাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই সরকার কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষককে টিকিয়ে রাখতে সরকার সব ধরনের সহযোগিতা দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি গ্রামীণ অঞ্চলে সামগ্রিক ধান উৎপাদন বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, সময়মতো দেশীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকবে।
