রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রধান শিক্ষিকার মৃত্যু
প্রকাশ : ২০ জুন ২০২৬, ২১:০০ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির নানিয়াচরে কর্মস্থলে যাওয়ার পথে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শতাব্দী চাকমা (৫০) নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাঙামাটি পৌরসভার সুখীনীলগঞ্জ এলাকার নিজ বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশের একটি গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন।
এ সময় একটি কাঁচা বাঁশ ব্যবহার করতে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শতাব্দী চাকমাকে মৃত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। তার হাতে হালকা পোড়া দাগ ছিল।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শতাব্দী চাকমা রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত রবীচন্দ্র চাকমা ও মাতা মৃত লক্ষীদেবী চাকমা।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
