ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৬:০০ | অনলাইন সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে তানভীর আহমেদ শিমুল (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার (২০ জুন) রাতে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত যুবক পৌর শহরের চৌবাড়িয়া দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সামছুল হকের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
