সিরাজগঞ্জে ‘ছেলে বিপদে’ নাটকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
প্রকাশ : ২১ জুন ২০২৬, ২৩:৫৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ‘আপনার ছেলে নারী ঘটিত ঘটনায় বিপদে পড়েছে’—এমন অভিনব কায়দায় রকেটের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ বিএ কলেজ রোডস্থ অ্যাডভোকেট কর্ণারের ভাড়াটিয়া কামরুল ইসলাম জনতা ব্যাংক পিএলসি, এরিয়া অফিস সিরাজগঞ্জে সিনিয়র অফিসার পদে চাকরি করেন। গত ১৮ জুন (বৃহস্পতিবার) তিনি ওই ব্যাংকে কর্মরত ছিলেন।
ওইদিন বিকেল পৌনে ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল নম্বর ০১৬৩৬০৪৬২১৯ থেকে তার মা রাদেশা খাতুনের ০১৭৭৯২১৪৮৪৯ নম্বরে ফোন দিয়ে বলেন, “আপনার ছেলে নারী ঘটিত ঘটনায় বিপদে পড়েছে। তাকে বাঁচাতে হলে রকেট পার্সোনাল নম্বর ০১৯০৭৯৫৪৪৮০-এ ৫০ হাজার টাকা পাঠাতে হবে।”
এতে ওই ব্যাংক কর্মকর্তার মা ও মামা শাহিন কবির ছেলেকে বিপদমুক্ত করতে রকেট পার্সোনাল নম্বরে দুই দফায় ৫০ হাজার টাকা প্রেরণ করেন। ওইদিন রাতেই বিষয়টি ছেলেকে জানালে তিনি তা অস্বীকার করেন। পরে বুঝতে পারেন, প্রতারক চক্রটি অভিনব কৌশলে তার মায়ের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।
এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তা সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে।”
