চুয়াডাঙ্গায় অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৫:০৯ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চলে।

গ্রেফতারকৃতরা হলেন— হাফিজুর রহমান (৪০), সদর উপজেলার শহরের সি অ্যান্ড বি পাড়ার মৃত বাবর আলীর ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক; রুহুল আমিন আশিক (২৯), একই উপজেলার সুমিরদিয়া গ্রামের দরুদ হাসানের ছেলে এবং যুবলীগ নেতা; মোহাম্মদ তুহিন (২৫), জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে এবং বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক; দেলোয়ার হোসেন (৩৬), জীবননগর উপজেলার কাদিপুর গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে এবং যুবলীগ নেতা; দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মোস্তফার ছেলে মন্টু (৪৫); দলকা লক্ষ্মীপুর গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে ফরজ আলী (৩৬) এবং ভগিরাতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মমরেজ হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশে সদর থানার ওসি মিজানুর রহমান, দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন এবং জীবননগর থানার ওসি সোলায়মান শেখ-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।