রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৭:০৬ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পাটক্ষেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে তমছের সরদার (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত তমছের সরদার উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত দীরাজ সরদার ওরফে দিরাই সরদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো নিজ জমির পাটক্ষেতে কাজ করতে যান তমছের সরদার। কাজ করার একপর্যায়ে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

প্রথমে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, তমছের সরদার একজন পরিশ্রমী কৃষক ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।