কিশোরগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৮:২৭ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে কিশোরগঞ্জের করিমগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত রাসেল মিয়া (৩৭) রামনগর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের সাইদুর রহমান নামে এক ব্যক্তি রাসেলের কাছে ৪ হাজার টাকা পাওনা ছিল। ওই টাকা আদায় নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে সাইদুর রহমান কয়েকজন সহযোগী নিয়ে রাসেলকে আটক করে।

এ সময় সাইদুর রহমান ও তার সহযোগীরা রাসেলকে নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে রাসেল সেখানে অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের মা শিল্পী বেগম অভিযোগ করেন, তার ছেলেকে সাইদুর ও তার সহযোগীরা পিটিয়ে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত সাইদুর রহমান, লাল মিয়া ও মামুনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন রাসেলকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত রাসেল তার স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।