দামুড়হুদায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৮:৩০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর তালবাগান পাগলা দোয়া নামক স্থানে ডিবি পরিচয় দিয়ে নোয়াজ্জেল হোসেন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে নগদ ৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত নোয়াজ্জেল হোসেন উপজেলার কাদিপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে নোয়াজ্জেল হোসেন ভ্যানে করে উপজেলার কাদিপুর নিজ বাড়ি থেকে দর্শনায় যাওয়ার পথে লোকনাথপুর তালবাগান পাগলা দোয়া নামক স্থানে পৌঁছালে ডিবি পরিচয়ধারী দুই ব্যক্তি তাকে গতিরোধ করে।

পরে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আহত নোয়াজ্জেল হোসেন জানান, সকালে বাড়ি থেকে দর্শনায় যাওয়ার পথে তালবাগান পাগলা দোয়া এলাকায় ডিবি পরিচয়ধারী দুই ব্যক্তি তাকে গতিরোধ করে কুপিয়ে আহত করে এবং নগদ ৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরও জানান, এ বিষয়ে দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।