রাজশাহীতে পারিবারিক কলহে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা খুন

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২০:০৮ | অনলাইন সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় রেজাউল করিম (৬০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার সকালে রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ঘাতক ছেলে রাকিবুল করিম (২৭), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শিক্ষার্থী। ঘটনার পর সে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়ে। সে সময় ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় সজোরে কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত রাকিবুল করিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুল পলাতক রয়েছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।