রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২১:১১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-এ রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবির উপাচার্য (ভিসি) অধ্যাপক তাহ্‌মিনা আখতার।

তিনি বলেন, আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনে এবং রবির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আজ এমন এক মঞ্চে সমবেত হয়েছি, যা বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র—রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতির প্রতি উৎসর্গকৃত।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন বিশ্বপ্রেম এবং আত্মার মুক্তি। অন্যদিকে, কাজী নজরুল ইসলাম আমাদের দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, সাম্য এবং অসাম্প্রদায়িক চেতনার শক্তি। এ দুই মহান মানসের মেলবন্ধনই বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি।

তিনি বলেন, রবি কেবল শিক্ষার আলো ছড়ায় না, বরং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ ও লালন করার এক পবিত্র দায়িত্ব পালন করে চলেছে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মাকে মুক্ত করা। যে শিক্ষা বিশ্ববাজারে চলবে না, সেটা প্রকৃত শিক্ষা হতে পারে না। বিশ্ববাজারে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষা দিতে ও নিতে হবে।

এ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র মেলা’। এ মেলা কেবল কেনাবেচার স্থান নয়; এটি আমাদের লোকজ সংস্কৃতি, সৃজনশীলতা এবং রবীন্দ্র-চেতনার এক অপূর্ব প্রদর্শনী।

তিনি আরও বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে এ আয়োজন সফল রূপ পেয়েছে। আমি বিশ্বাস করি, এ অনুষ্ঠানমালা আমাদের তরুণ প্রজন্মকে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম-এর দর্শন আরও গভীরভাবে অনুধাবন করতে উদ্বুদ্ধ করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রবীন্দ্র মেলার উদ্বোধন করা হয়। পরে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১-এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সংগীত বিভাগের অধ্যাপক ড. আকলিমা ইসলাম কুহেলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ সুমন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সহযোগী অধ্যাপক আশিক সরকার।

বিকেলে রবির অডিটোরিয়ামে ভিসির সভাপতিত্বে “রবীন্দ্রনাথের কৃষি ও সময়চিন্তা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি।

এ ছাড়া সেমিনারে প্রবন্ধ পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল।