ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৪:৪০ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে দাদশী বাজার প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাদশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
তিনি অভিযোগ করেন, দাদশী ইউনিয়নে মাদকের বিস্তার রোধে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর একটি ফেক ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, “সমঝোতার তৃতীয় মাত্রা” নামে একটি ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দিয়ে পোস্ট করা হয়েছে। ওই আইডি থেকে বিভিন্ন সময় এলাকার সম্মানিত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আব্দুর রাজ্জাক আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফেক আইডির আড়ালে থেকে অপপ্রচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও দাদশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম নূরনবী, দাদশী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহমুদুল হাসান, যুবদল নেতা মাসুদ রানা রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
