রংপুরে স্বাস্থ্য অধিদফতরের অভিযান, ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৪:৫৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদফতর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. মো. ইব্রাহীম টিটনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার আদেশ দেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা।
অভিযান সূত্রে জানা যায়, রেজিস্ট্রেশন ও লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহার, অপারেশন থিয়েটারে অনিয়ম এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নগরীর ধাপ এলাকার ‘আমার দেশ হাসপাতাল’-কে রেজিস্ট্রেশন নবায়ন না করা এবং মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ওষুধ ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা এবং অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ অ্যানেসথেসিয়া ওষুধ রাখার দায়ে ‘ফার্স্ট কিওর স্পেশালাইজড অ্যান্ড ট্রমা সেন্টার’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, রেজিস্ট্রেশন না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ল্যাবএইড ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম’-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এক মাসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, অভিযানের খবর পেয়ে ‘হাবিব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এর কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান।
স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রংপুরেও এ কার্যক্রম চলমান থাকবে।
অভিযানে রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, ডা. এস এম মাহমুদুর রশিদ, ডা. ফিরোজ হাসান খান এবং মেডিকেল কর্মকর্তা ডা. অনির্বাণ মল্লিক উপস্থিত ছিলেন।
