ইটিপি সঠিকভাবে ব্যবহার না হওয়ায় বাড়ছে নদী দূষণ: প্রতিমন্ত্রী

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেশের বিভিন্ন শিল্প-কারখানায় ইটিপি প্লান্টগুলো যথাযথভাবে ব্যবহার না হওয়ায় রাজধানীসহ আশপাশের জেলার নদীগুলোতে বর্জ্য নিষ্কাশন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বর্জ্য নিষ্কাশন সমস্যা সমাধানে সরকার সবগুলো পাওয়ার প্লান্টকে অনলাইন ট্র্যাকিংয়ের আওতায় আনার ব্যবস্থা করছে। ইতোমধ্যে দূষণের উৎসগুলো চিহ্নিত করা হয়েছে। নদী রক্ষায় যেসব প্রতিষ্ঠানে ইটিপি ব্যবহার হচ্ছে না, সেগুলো কার্যকর করতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ দূষণে ইটভাটাকে অন্যতম কারণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে ৮ হাজার ইটভাটার মধ্যে ৫ হাজারই অবৈধ। মাত্র ২ হাজার ৯০০টি বৈধ ইটভাটা রয়েছে। ইমারত নির্মাণে দেশে ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার এখনও শতভাগ নিশ্চিত না হওয়ায় দূষণ রোধ করা যাচ্ছে না।

পরিবেশ দূষণ রোধে সরকার এ বিষয়টিও আমলে নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে ৮ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বিতর্ক উৎসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।