আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে দ্বিতীয় দিনের সেনা টহল

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৫:৪৬ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

বিশেষ করে ফরিদপুর শহরের ব্যস্ততম মুজিব সড়কে সকাল থেকে সেনাবাহিনীর টহল কার্যক্রম সাধারণ মানুষের নজরে আসে। সেনাসদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন।

এর আগে, সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে দায়িত্ব গ্রহণ করে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা মাঠে কাজ করছে।

জানা গেছে, সেনাবাহিনী স্থানীয় প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় এলাকায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে সেনাবাহিনীর উপস্থিতিতে শহরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার পাশাপাশি গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।