রংপুরে উপকারী পোকা ব্যবহারে বিষমুক্ত ফসল উৎপাদন প্রশিক্ষণ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২১:২৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

কৃষিতে পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনা জোরদার এবং উপকারী পোকা ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎপাদন প্রযুক্তি বিষয়ক একদিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর রংপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর কীটতত্ত্ব বিভাগ, গাজীপুর এবং সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডভিত্তিক বিজ্ঞানী ড. ডিরিক ব্যবানডিয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু তৈয়ব মো. হাসানুজ্জামান এবং যুক্তরাজ্যভিত্তিক জুনিয়র বিজ্ঞানী মউসা মরিস।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুল ইসলাম। বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ।

প্রশিক্ষণে ট্রাইকোগ্রামা পরজীবী বোলতার ব্যাপকভিত্তিক উৎপাদন প্রযুক্তি, গুণগত মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, মাঠ পর্যায়ে অবমুক্তকরণ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনায় এর কার্যকর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি উৎপাদনে ট্রাইকোগ্রামার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ দেশের বিভিন্ন অঞ্চলে জৈবিক বালাই ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং নিরাপদ কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর কর্মকর্তা, গবেষক, প্রযুক্তিবিদ এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ট্রাইকোগ্রামা উৎপাদন ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন।