কক্সবাজারে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২১:৫৮ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

সারাদেশের মতো পর্যটন শহর কক্সবাজারেও আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল ৬-৫৯ মাস বয়সী শিশুকে বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার প্রায় ৫ লাখ শিশুকে এ ক্যাপসুল প্রদান করা হবে।
কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল মঙ্গলবার (২৩ জুন) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, একদিনের এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কক্সবাজার জেলায় এ কার্যক্রম বাস্তবায়নের জন্য ১ হাজার ৮২৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলার ৮টি উপজেলা, ১টি পৌরসভা, ৭২টি ইউনিয়ন ও ২১৬টি ওয়ার্ডে ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কার্যক্রমে ৪৮৬ জন স্বাস্থ্যকর্মী এবং ৩ হাজার ১৬০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন।
ডা. টিটু শীল জানান, এ বছর কক্সবাজার জেলায় মোট ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৬১ হাজার ৮৩৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩১ হাজার ৪৮০ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষায় সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণজনিত রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখে।
তিনি বলেন, ভিটামিন ‘এ’-এর ঘাটতির ফলে রাতকানা, চোখের মারাত্মক ক্ষতি, অপুষ্টিজনিত জটিলতা এবং বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
তিনি আরও বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি, যা শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যু হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় কক্সবাজার জেলায় সফলভাবে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি সকল অভিভাবক ও সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় এ উদ্যোগকে সফল করতে সবাই যেন সহযোগিতা করেন।
