পীরগঞ্জে মৎস্য চাষিদের মাঝে চুন, বীজ ও খাদ্য বিতরণ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৬:২৭ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় নির্বাচিত মৎস্য চাষিদের মাঝে চুন, সবজি বীজ ও মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন নির্বাচিত মৎস্য চাষির মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার, সিনিয়র সহকারী পরিচালক দীপা রানী বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন এবং আতাউর রহমান বিটু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য খাত দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
তারা আরও বলেন, বর্তমান সরকার মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। চাষিদের প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি সরবরাহ, প্রণোদনা প্রদান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে দেশের মাছ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং মৎস্য খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অনুষ্ঠান শেষে নির্বাচিত মৎস্য চাষিদের মাঝে চুন, সবজি বীজ ও মাছের খাদ্য বিতরণ করা হয়।
