চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা শুরু
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।
উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সর্বজনীন পেনশন কর্মসূচির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বজনীন পেনশন কর্মসূচির মাধ্যমে দেশের সকল নাগরিকের জন্য একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেই এ পেনশন মেলার আয়োজন করা হয়েছে।
