সিরাজগঞ্জের আলোচিত হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ডাক্তার বাকি মির্জা হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার অধিবাসী ও একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ জাকারিয়া মাসুদ (৪৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। ওই আদালতের এপিপি অ্যাড. শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি মামলার নথি সূত্রে জানান, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বর এলাকায় সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে ডাক্তার বাকি মির্জাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ৪ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার আসামি রুহুল আমীন বাবু মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই ২ জনের বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষণা করেন। এদিকে, রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক রয়েছেন।

অপরদিকে, এ মামলার আরেক আসামি ডাক্তার আবদুল লতিফ মাননীয় হাইকোর্টে রিভিশন আবেদন করায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। তবে রিভিশন নিষ্পত্তির পর বিচারকার্য পুনরায় শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।