দামুড়হুদায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ালগাছি রাইসা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে বোমাটি উদ্ধার করে বালতির পানিতে চুবিয়ে রাখে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার কুড়ালগাছি রাইসা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে ‘জয় বাংলা’ লেখা লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান বিলের মৎস্যজীবী সমিতির সদস্যরা। এরপর তারা দর্শনা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে বালতির পানিতে চুবিয়ে রাখেন।
বিলের সদস্য ও দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিত মিয়া জানান, দুষ্কৃতিকারীরা আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা বোমাসদৃশ বস্তুটি ঘটনাস্থলে রেখেছে, তা জানা যায়নি। তবে তদন্তপূর্বক আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
