রংপুরে তথ্য অধিকার আইন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২০:০৮ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে বুধবার দিনব্যাপী “তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ” নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তথ্য অধিকার আইন সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান বৃদ্ধি, আইনটির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা।
কর্মশালায় তথ্য অধিকার আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তথ্য আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। তিনি তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার পদ্ধতি, নির্ধারিত সময়ে তথ্য না পেলে আপিল করার প্রক্রিয়া এবং প্রয়োজনে তথ্য কমিশনে অভিযোগ দাখিলের বিষয়গুলো বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরেন।
এছাড়া জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ আইনের কার্যকর ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করেন।
বেলার প্রোগ্রাম ও ফিল্ড কো-অর্ডিনেটর এএমএম মামুন তথ্য অধিকার আইন বাস্তবায়নে বেলার অভিজ্ঞতা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং বিভিন্ন বাস্তব উদাহরণ তুলে ধরেন। তিনি পরিবেশ, ভূমি, পানি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহে আইনটির কার্যকর ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. শাহজাহান আলী তথ্য অধিকার আইনের ব্যবহার ও বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল নিয়ে উপস্থাপনা করেন। তিনি সরকারি দপ্তরে তথ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা, সচেতনতার অভাব এবং আবেদন প্রক্রিয়ায় নাগরিকদের সম্মুখীন হওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে তথ্য অধিকার আইনের আওতায় তিনটি ভিন্ন বিষয়ে আবেদনপত্র প্রস্তুত ও উপস্থাপন করেন। এই দলীয় কার্যক্রমের মাধ্যমে তারা হাতে-কলমে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। পুরো কার্যক্রম ছিল প্রাণবন্ত, অংশগ্রহণমূলক ও অত্যন্ত শিক্ষণীয়।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এ আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি হ্রাস পাবে এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে।
একইসঙ্গে নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে আরও সচেতন হয়ে আইনটির যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
প্রশিক্ষণে রংপুর বিভাগের ৮টি জেলার সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি এবং আইনজীবীসহ মোট ২৬ জন অংশগ্রহণ করেন।
