নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২০:৩৭ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ফেডারেল শাখা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বর্তমান দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক সহাবস্থান এবং গণতান্ত্রিক সৌন্দর্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “দেশে একটি গণতান্ত্রিক সত্তা প্রতিষ্ঠিত হয়েছে। এটিই হলো গণতন্ত্রের আসল সৌন্দর্য। দীর্ঘদিন পর আমরা এই মুক্ত বাতাসের সুবাস পাচ্ছি।”
প্রেসক্লাবে সম্মিলিত অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, “আজ এখানে সব দল মিলে একত্রে বসে আপনারা এই আনন্দ উপভোগ করছেন, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না। এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের ভেতরে হয়তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু সবাই মিলে একসাথে বসা এবং কাজ করার এই যে অনন্য সুযোগ, তা আমরা বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কারণেই পেয়েছি।”
তিনি আরও যোগ করেন, “আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অটুট রাখতে হবে। এই সম্মিলিত প্রয়াস এবং একসাথে কাজ করার মানসিকতা যদি জাগ্রত হয়, তবে আমরা নোয়াখালী জেলাকে উন্নয়নের এক অন্যতম উচ্চতায় নিয়ে যেতে পারবো।”
নোয়াখালীর সামগ্রিক উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের অগ্রগতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
ফল উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা জামায়াতের আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার, নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং সিনিয়র তথ্য অফিসার মনির হোসেন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইউসুফ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যা, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, এলজিআরডি প্রকৌশলী শেখ মাহফুজুর রহমান, গণপূর্ত অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশলীসহ সরকারের বিভিন্ন সংস্থার নির্বাহী প্রকৌশলী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্যবাহী ফল উৎসবের এই চমৎকার আয়োজনের জন্য নোয়াখালী সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় বিভিন্ন দেশীয় ও মৌসুমি ৩০ ধরনের ফল দিয়ে বৈচিত্র্যময় চিত্র ফুটিয়ে তোলা হয়, যা আগত অতিথিদের মাঝে বেশ প্রশংসিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের বিভিন্ন রকমের রসালো ও সুস্বাদু ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
এ ছাড়া উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হানিফ ভূইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বর্তমান কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এটিএন বাংলা, দৈনিক আলোকিত বাংলাদেশ ও বাংলাদেশ টুডের নোয়াখালী প্রতিনিধি এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নোয়াখালী শাখার সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, মানিক ভূঁইয়া, আমার দেশের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ভূঁইয়া, চলতি ধারার সম্পাদক এমবি আলম, ইনকিলাবের জেলা প্রতিনিধি এহসানুল হক খসরু, রেজোয়ান সিদ্দিকিসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
