সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২২:০৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া সরকারপাড়া গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ আতিকা (২১) হত্যা মামলায় নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো— ওই গ্রামের এন্তাজ আলীর ছেলে আলাউদ্দিন (৪০), আলামিন (৩২), আলাউদ্দিনের স্ত্রী শিউলি খাতুন (২৪) ও এন্তাজ আলীর ছেলে সাজাহান আলী (৪৫)।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই গ্রামের আব্দুল্লা আল মামুন (২৮) প্রায় ৮ বছর আগে পাবনার চাটমোহর উপজেলার ডেপোল চর গ্রামের ওসমান গণির মেয়ে আতিকাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আতিকার ওপর নানা ধরনের নির্যাতন চালানো হতো।

যৌতুকের টাকা দিতে আতিকার বাবার পক্ষে সম্ভব হয়নি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। এরই জের ধরে গত কোরবানি ঈদের দিন রাতে স্বামী তার স্ত্রী আতিকাকে মারপিট ও গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ডিজিটাল তথ্যপ্রযুক্তির মাধ্যমে মামলার তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফসহ একদল পুলিশ মঙ্গলবার রাতে ঢাকার চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।