পাংশায় দুই গ্রামের সংঘর্ষ: নিহতের ঘটনায় ৪৯ জন নামীয়সহ মামলা
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৭:০৩ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে জামির বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৪ জুন) রাতে নিহত জামির বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে নিহত জামির বিশ্বাসের ছেলে বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত রোববার (২১ জুন) সকালে পাংশায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে জামির বিশ্বাস গুরুতর আহত হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে শতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
