শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত যুবক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৭:০৮ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত মত্তগ্রাম এলাকার শামছু শেখের ছেলে।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে মত্তগ্রাম সড়কের ওপর থেকে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা জানান, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে ভোর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর রশি দিয়ে বেঁধে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সড়কের ওপর লাশ ফেলে মারধরকারীরা সরে যায়।

মিল্টন দত্ত, শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় চুরি সংক্রান্ত ৩টি মামলা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।