দিনাজপুর পুলিশ লাইন্সে বাঁশের চারা রোপণ করলেন পুলিশ সুপার

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৭:১১ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

বুধবার বিকেলে দিনাজপুর পুলিশ লাইন্সে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে “চিনা বাঁশের চারা” রোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

বাঁশ পরিবেশবান্ধব ও দ্রুত বর্ধনশীল একটি উদ্ভিদ, যা মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়াও বাঁশ অর্থনৈতিকভাবেও অত্যন্ত মূল্যবান এবং বিভিন্ন ব্যবহারিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বৃক্ষরোপণ শেষে পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, পূর্বে দিনাজপুর পুলিশ লাইন্স ও জেলা পুলিশের বিভিন্ন স্থাপনায় রোপণকৃত গাছপালা ও বৃক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি গাছগুলোর সার্বিক বৃদ্ধি, পরিচর্যা ও বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে বৃক্ষগুলোর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম-সহ দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।