হাজীগঞ্জে ছাত্রদলের পদবঞ্চিত একাংশের সড়ক অবরোধ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৮:১৯ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সদ্য ঘোষিত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিতদের একাংশ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তারা সড়ক অবরোধ করে কমিটিতে তাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

আন্দোলনকারী নেতাকর্মীরা বলেন, বিগত সরকারের আমলে যারা হামলা-মামলার শিকার হয়েছেন, এ কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। তাই সকল বৈষম্য দূর করে নতুন করে কমিটি ঘোষণার দাবি জানান তারা।

সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি হান্নান তালুকদার-ও এ আন্দোলনে অংশ নেন। তার দাবি, ত্যাগীদের মূল্যায়ন না করে ঘোষিত এ কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়া হোক।

এদিকে সড়ক অবরোধের কারণে গত ২ ঘণ্টা ধরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ হয়।

উল্লেখ্য, গত সোমবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১৩ সদস্যবিশিষ্ট উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়।