সিরাজগঞ্জে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের চেষ্টা, থানায় মামলা
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১:৫৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কলিয়া গ্রামের মাহাতো সম্প্রদায়ের এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় কলেজ শিক্ষক জহুরুল ইসলাম খোকন (৪২)-এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহসানুজ্জামান, রায়গঞ্জ থানার ওসি, এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাত দিয়ে জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এর ওই শিক্ষক রায়গঞ্জ থানার নিমগাছি বাজার এলাকায় এক্সপার্ট কেজি স্কুল নামক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের কোচিং করান।
উক্ত স্কুল অ্যান্ড কলেজের মাহাতো সম্প্রদায়ের নবম শ্রেণির ওই ছাত্রী এ কোচিংয়ে লেখাপড়া করত। অভিযোগ রয়েছে, কোচিংয়ের শিক্ষক খোকন তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন।
এমতাবস্থায় প্রতিদিনের ন্যায় গত ১০ জুন সকালে ওই কোচিং সেন্টারে পড়তে যায় ছাত্রীটি। এ সময় কোচিংয়ে অন্য কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় ওই শিক্ষক তাকে কুপ্রস্তাব দেন। এতে সে রাজি না হলে তার শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শসহ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে সুযোগ বুঝে ওই শিক্ষক পালিয়ে যায়।
এ ব্যাপারে বুধবার রাতে থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অপরাধে মামলা হয়েছে।
এ মামলার তদন্তকারী অফিসার ওই থানার এসআই নীলকোমল চক্রবর্তী বলেন, এ মামলার আসামীকে গ্রেফতারে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
