‘মাদককে না বলি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২২:২৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

‘একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ৪ দিনব্যাপী মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহীন।
তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদক মানুষের মস্তিষ্ক, লিভার, কিডনি ও শারীরিক সক্ষমতার ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক নজরুল ইসলাম, সুলতানা সালমা হোসেন এবং এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুইজ, আবৃত্তি, প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
