ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৯:২৮ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদীর পাকশী রেলওয়ে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঈশ্বরদী রেলওয়ে থানাধীন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা মোছা. সাজেমা বেগম (৪২) ও তার স্বামী মো. কাজল আহম্মেদ (৪৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে উঠে অভিযান চালায়। ট্রেনটি ঈশ্বরদীর দিকে আসার পথে সন্দেহভাজন ওই দম্পতিকে শনাক্ত করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সাজেমা বেগমের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং তার স্বামী কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রাম, মোট ১০০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়। ডিজিটাল ওজন মেশিনে পরিমাপ করে আলামত জব্দ করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।