যশোর-বেনাপোল মহাসড়কে অভিযানে ১৩টি স্বর্ণবারসহ আটক ১
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২০:২৬ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযানে দুই কোটি ২৩ লাখ টাকার বেশি মূল্যের ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি হলেন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে সাহাব উদ্দিন সরদার (৪৪)।
শুক্রবার (২৬ জুন ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণবার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণবারগুলো নিয়ে যাচ্ছিলেন। তিনি আরও জানান, ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণবারগুলো সংগ্রহ করে পুটখালীর উদ্দেশে রওনা হয়েছিলেন।
আটক স্বর্ণের মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
