রংপুরে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২২:৫৪ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রংপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, বিজিবি ৫১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজিউর রহমান, র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি আফতাব উদ্দিন।

স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন জানান, ২০২৫ সালে রংপুর বিভাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১০ হাজার ৮৪১টি অভিযান পরিচালনা করেছে। এ সময়ে ৩ হাজার ৩৩০টি মামলা দায়ের এবং ৩ হাজার ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১ হাজার ২০০ কেজি গাঁজা, ১৯টি গাঁজার গাছ, সাড়ে ৪ হাজার বোতল ফেনসিডিল, ২৮৪ বোতল এসকাফ, ৬৯ হাজার ৩২১ পিস ইয়াবা, ৫৭৩ গ্রাম হেরোইন ও ১৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। একটি সুস্থ জাতি গঠনে মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।