মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও এসকাফ সিরাপ উদ্ধার
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৪:৪২ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চোরাকারবারিদের ধাওয়া করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৭ জুন) ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেহাটি সীমান্ত এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করে সামন্তা বিওপির টহল দল।
শনিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন সামন্তা বিওপির একদল বিজিবি, সুবেদার ওমর আলী-এর নেতৃত্বে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় দুজন চোরাকারবারিকে ধাওয়া করলে তারা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মোনতাজ আলীর পুকুরপাড় সংলগ্ন জঙ্গলের মধ্যে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই সাদা বাজারের ব্যাগ খুলে দেখা যায়, ব্যাগের মধ্যে একটি কার্টনের ভেতর ভারতীয় ২৪ বোতল এসকাফ সিরাপসহ ২টি বিদেশি পিস্তল (মেড ইন ইতালি), ৪টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং এসকাফ সিরাপ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
