রাজবাড়ীতে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে জিআরের চাল বিতরণ
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২০:৫৪ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপির বরাদ্দকৃত জিআর কর্মসূচির আওতায় ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ও শনিবার (২৭ জুন) দুই দিনব্যাপী এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে জিআরের চাল দেওয়া হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, মিজানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. প্লাবন আলী, মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন-সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন বলেন, “সরকারের এই মানবিক সহায়তা প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। স্বচ্ছতা বজায় রেখে তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।”
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী বলেন, “দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।
