বোয়ালমারীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে মো. রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।
শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৯টার দিকে রাফসান শেখ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যান। সেখান থেকে ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, প্রায় ১৫ দিন আগেও রাফসান শেখকে তাদের পুকুরপাড়ে সাপে কামড় দিয়েছিল। তখন স্থানীয় এক ওঝার ঝাড়ফুঁকের পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
শনিবার রাতে পুনরায় সাপে কামড় দিলে একই ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়। একপর্যায়ে ভোরের দিকে তার মৃত্যু হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে. এম. মাহমুদ রহমান বলেন, রাত ৪টার দিকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন দায়িত্বরত ছিলেন ডা. সুমন রায়। তিনি রোগীর অবস্থা দেখে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয়তা সম্পর্কে পরিবারের সদস্যদের বিস্তারিত জানান। তবে রোগীর পরিবার অ্যান্টিভেনম দিতে রাজি না হওয়ায় তাদের সম্মতিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ভোরের দিকে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
