সিলেটগামী ৫০০ কিলোমিটার সাইকেল অভিযানে ঈশ্বরদী সরকারি কলেজের ৪ রোভার

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৯:১১ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ ও ‘পরিভ্রমণ ব্যাজ’ অর্জনের লক্ষ্যে বাইসাইকেলে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন কলেজের চার রোভার সদস্য।

রোববার সকালে ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এ ব্যতিক্রমী পরিভ্রমণ শুরু হয়।

দীর্ঘ এই রোমাঞ্চকর বাইসাইকেল যাত্রায় অংশ নিয়েছেন কলেজের রোভার সদস্য মো. ছামিউল ইসলাম, মো. রিয়াদ আলী, মো. তাইজুল ইসলাম ও মো. আরাফাত রহমান। আগামী ২ জুলাইয়ের মধ্যে দেশের বিভিন্ন জেলা অতিক্রম করে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছানোর মাধ্যমে তাঁদের এ পরিভ্রমণ শেষ হওয়ার কথা রয়েছে।

পরিভ্রমণকারী রোভার সদস্যরা জানান, স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মাননা অর্জনের পাশাপাশি পরিবেশ সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই তারা এই উদ্যোগ নিয়েছেন।