সিরাজগঞ্জে বিধবা নারীকে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করলেন ইমাম

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৯:৩২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার এক বিধবা নারীকে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করেছেন সেই ইমাম। অবশেষে এ ঘটনার অবসান ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে স্থানীয় মসজিদের ওই ইমামকে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করেন। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে রোববার দুপুরে স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে আলোচনার পর ইমামের সঙ্গে ওই বিধবা নারীর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় পক্ষের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিন ধার্য করা হয় এবং ওই কাবিনে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় মাতব্বররা জানান, ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। উভয় পরিবার ও স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। ইমাম আইনগত ও সামাজিক দায়বদ্ধতা স্বীকার করেছেন। তাই উভয়ের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে ঘটনার অবসান ঘটেছে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, ঘটনাটি শুনেছি এবং এটি ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। সালিশি বৈঠকে তাদের বিয়ে হয়েছে। বিষয়টিও ফেসবুকের মাধ্যমে জেনেছি।