চট্টগ্রাম বন্দরে চালু হলো অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৪:৫৪ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকি মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা জোরদারে অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
রোববার (২৮ জুন) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এ সাইবার নিরাপত্তা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চবকের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বোর্ড সদস্য, প্রকল্প পরিচালক, বিভাগীয় ও শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
সেবা এবং আর্থিক প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে বন্দরের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে শক্তিশালী প্রতিরোধমূলক সাইবার অবকাঠামো গড়ে তুলতে গত ১১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে চবক।
নতুন নিরাপত্তা ব্যবস্থায় সম্ভাব্য নেটওয়ার্ক দুর্বলতা দ্রুত শনাক্ত, জিরো-ডে সাইবার হুমকি পর্যবেক্ষণ, ভাইরাস ও ম্যালওয়্যার প্রতিরোধ, ডিস্ট্রিবিউটেড ডিনায়েল-অব-সার্ভিস (ডিডিওএস) হামলা মোকাবিলা, অননুমোদিত নেটওয়ার্ক কার্যক্রম শনাক্তকরণ এবং সার্বক্ষণিক সেন্ট্রালাইজড নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি অপারেশনস সেন্টারের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগ আন্তর্জাতিক জাহাজ ও বন্দর সুবিধা নিরাপত্তা (আইএসপিএস) কোডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সহায়তা করবে এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন টার্মিনাল পরিচালনা নিশ্চিত করবে। একই সঙ্গে বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী ও আন্তর্জাতিক শিপিং অংশীদারদের জন্য আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক ডিজিটাল পরিবেশ নিশ্চিত হবে।
চবক আশা করছে, নতুন এই সাইবার নিরাপত্তা ব্যবস্থা দেশের প্রধান সমুদ্রবন্দরকে বৈশ্বিক মানের নিরাপদ ও স্থিতিশীল লজিস্টিক হাবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
