ফরিদপুরে রাজস্ব বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতে জেলা প্রশাসনের গুরুত্বারোপ
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৫:০২ | অনলাইন সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সরকারি রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করা, ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাঠ প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে জেলা মাসিক রাজস্ব সম্মেলন ও জেলা ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় জেলার রাজস্ব আদায় কার্যক্রমের সার্বিক অগ্রগতি, ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়, সরকারি রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা, মাঠ প্রশাসনের চলমান কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ম্যাজিস্ট্রেসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও অগ্রগতির তথ্য উপস্থাপন করেন। সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “সমন্বিত উদ্যোগ, জবাবদিহিতা ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনাই উন্নত জনসেবার ভিত্তি।”
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং মাঠ প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
