রাজবাড়ীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, স্থিতিশীল সবজি ও চালের বাজার
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৫:২১ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর খুচরা বাজারে সবজি ও চালের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম। সরবরাহ কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের কেজিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
তবে বাজারে মৌসুমি সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় সেগুলোর দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে।
সোমবার (২৯ জুন) রাজবাড়ী শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে এক কেজি ওজনের রুই মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা এবং দেড় থেকে দুই কেজি ওজনের রুই ও কাতলা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাষের পাঙ্গাস মাছ ২০০ থেকে ২২০ টাকা এবং বড় সাইজের সিলভার কার্প ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে নদীর মাছের সরবরাহ কম থাকায় সেগুলো ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ীরা জানান, বর্ষাকাল শুরু হলেও নদী, খাল ও বিলে এখনো পর্যাপ্ত পানি না থাকায় মাছ ধরা কম হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম বেড়েছে।
অন্যদিকে সবজির বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। বর্তমানে ঢেঁড়স ২৫ টাকা, ঝিঙে ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং কচুরমুখী ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মৌসুমি সবজির দামও মোটামুটি স্থিতিশীল রয়েছে।
চালের বাজারেও নতুন করে কোনো মূল্যবৃদ্ধি হয়নি। সব ধরনের চাল আগের দামেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ক্রেতারা বলছেন, সবজি ও চালের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে।
