হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা ও দোয়া

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৯ জুন) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ভুলু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মো. মিজানুর রহমান এবং চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোসাম্মৎ মাসুমা আক্তার, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল শাহীন, প্রভাষক রাশেদুল হাসান এবং নাজমুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোসাম্মৎ নুরজাহান আক্তার।

এছাড়াও বক্তব্য দেন পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রদলের সভাপতি মো. আল কাউছার সাগরসহ অন্যান্যরা।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় হামদ-নাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তানজিনা আক্তার ও মেরুন্নেছা।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং জীবনের প্রতিটি ধাপে সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্ব শান্তি কামনা করা হয়।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাপ্রদর্শক (জীববিজ্ঞান) বিমল কৃষ্ণ পালসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।