শিক্ষিকাকে লাঞ্ছনার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৬:২৩ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে শাসন করাকে কেন্দ্র করে শিক্ষিকাকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী শিক্ষকের স্বজন, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া আলহাজ্ব মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হামিদ শিপু, সমাজসেবক আনোয়ার হোসেন ঠান্ডু ও আরিফ প্রাংসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। বাবা-মায়ের পর শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া সমাজের দায়িত্ব। শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিকতা গঠনে অনেক সময় শিক্ষকদের শাসনের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে সেই দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকদের নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।

তারা আরও বলেন, সম্প্রতি সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও শিক্ষক সমাজের জন্য অপমানজনক। অভিযোগ দায়েরের পরও এখনো অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বক্তাদের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করেনি। বরং অভিযুক্তরা প্রকাশ্যে থানার পাশের একটি ভবনে সংবাদ সম্মেলন করে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঈশ্বরদী উপজেলার চর-কুরুলিয়া গ্রামে সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এক শিক্ষার্থীকে শাসন করার ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের এক শিক্ষিকাকে লাঞ্ছনার অভিযোগ ওঠে।

এ ঘটনায় শিক্ষার্থীর মামা উজ্জল হোসেন মাল ও মামাতো ভাই বাসির মালসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।