দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৭:০৫ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বিজিবি-র হাবিলদার কামরুজ্জামান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল এবং জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি-র পক্ষ থেকে আরও কঠোর অবস্থান গ্রহণের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়।

সভায় ইউএনও মিলন সাহা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।