জিয়ার পরিকল্পিত কাজ এগিয়ে নিচ্ছেন তারেক রহমান: নোয়াখালীতে বুলু

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২০:২০ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

বিএনপি-এর ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর অসমাপ্ত কাজগুলো ও জনগণের জন্য পরিকল্পিত কর্মসূচিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করছেন।

সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গণিপুর গার্লস স্কুল মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের লেইস প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় এমপি বেগমগঞ্জের তাঁর নির্বাচনী এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কারও ভাগ্যে জোটেনি, যা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর ভাগ্যে জুটেছে। প্রধানমন্ত্রী তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো এবং জনগণের অধিকারকে অগ্রাধিকার দিচ্ছেন।

স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন-এর তত্ত্বাবধানে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান, চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ আবু সিনা সৈয়দ তারেক, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, স্কুল কমিটির সদস্য লুৎফুর রহমান মাসুদ, আহছানউল্লা, মোখলেস রহমান ছুটি, হাফেজ, খালেক, রুস্তম আলী-সহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে স্থানীয় সংসদ সদস্য ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছের চারা রোপণ করেন।