গাইবান্ধায় চাচা হত্যা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২০:৩১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো. আব্দুল জলিল (৪৮)কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার র্যাব-১৩ সংবাদমাধ্যমকে জানায়, গত ২৮ জুন রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জলিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পৈতৃক ৬৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে নিহত কফিল উদ্দিনের সঙ্গে শরিকদের বিরোধ চলছিল। গত ২৮ এপ্রিল সকালে ওই জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কফিল উদ্দিন ঘটনাস্থলে গেলে প্রধান আসামি জলিলের নেতৃত্বে অভিযুক্তরা তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় তার স্ত্রী জুলেখা বেগম-ও আহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে গত ১ মে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৩ জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরবর্তীতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানে প্রধান আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
